আওয়ামী লীগ দেশকে একটা ভয়াবহ নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণ-যুবক যারা কাজ করছে খুব অল্প সময়ের মধ্যেই এই অন্ধকার অবসান ঘটাবে। একটি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে এগিয়ে যাই। ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি এবং এই ফ্যাসিবাদী সরকার যারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
ফখরুল বলেন, আমরা এতদিন যে কথাগুলো বলে এসেছি গুম হওয়া পরিবারের শিশুদের এই কান্না তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। দেশের প্রশাসনের যে সকল কর্মকর্তার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। গুম করা বিনা বিচারে হত্যা করার জন্যে আজকে একটি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশ যেখানে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। দেশ যখন স্বাধীনতার ৫০ বছরে এসেছে তখন এই ধরনের একটি নিষেধাজ্ঞা পুরো জাতির ওপর একটি কলঙ্ক লেপন করেছে। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চরম জঘন্য অমানবিক কাজ করছে আওয়ামী লীগ সরকার।
তিনি আরও বলেন, আমাদের ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা যখন কোর্টে যাই চারিদিকে আমাদের লোক ছাড়া আর কিছুই দেখা যায় না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এমনকি ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছোটখাটো যে সকল নেতা রয়েছে তারাও এই মিথ্যা মামলায় জর্জরিত। এমনও আছেন যারা নেতাও নয় সমর্থক তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা চলছে এটা ধারাবাহিকভাবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম, তাহসিনা রুশদীর লুনা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।